1. admin@nawabganjnews.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

এআর-১৫ রাইফেল নিষিদ্ধের বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে শুনানি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ:

যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত আধা-স্বয়ংক্রিয় রাইফেল ‘এআর-১৫’ নিষিদ্ধ করার অধিকার রাজ্য ও স্থানীয় সরকারগুলোর রয়েছে কি না, তা নিয়ে গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট। কয়েক দশকের মধ্যে দ্বিতীয় সংশোধনী বা ‘সেকেন্ড অ্যামেন্ডমেন্ট’ নিয়ে অন্যতম আলোচিত এ মামলায় বুধবার যুক্তিতর্ক শুনবেন বিচারপতিরা।

মূলত এআর-১৫-সহ ‘অ্যাসল্ট-স্টাইল’ রাইফেল নিষিদ্ধে বিভিন্ন রাজ্য ও স্থানীয় সরকারের নেওয়া পদক্ষেপের সাংবিধানিক বৈধতা নিয়েই এ শুনানি।

২০১২ সালে কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে এক বন্দুকধারীর হামলায় ২০ শিশু ও ছয় শিক্ষক নিহত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রাথমিক বিদ্যালয়ে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা। ওই ঘটনার পর দেশজুড়ে গণগুলিবর্ষণের ঘটনা বাড়তে থাকায় বিভিন্ন রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ এআর-১৫ ধরনের অস্ত্র নিষিদ্ধ ও নিয়ন্ত্রণে কঠোর আইন করে। এবার সেই আইনগুলোর বৈধতা নিয়েই চূড়ান্ত আইনি লড়াইয়ে নামছে পক্ষগুলো।

অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে থাকা সরকারি কর্মকর্তা ও বন্দুক সহিংসতা প্রতিরোধে কাজ করা সংগঠনগুলোর কাছে এআর-১৫ ব্যবহার করে চালানো প্রাণঘাতী হামলার স্মৃতি নিষেধাজ্ঞার অন্যতম ভিত্তি। শিকাগোর অন্তর্ভুক্ত কুক কাউন্টির স্টেটস অ্যাটর্নি আইলিন ও’নিল বার্ক বলেন, সরকারের মৌলিক দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। ঘনবসতিপূর্ণ শিকাগোর মতো এলাকায় এ ধরনের অস্ত্র অত্যন্ত বিপজ্জনক।

স্যান্ডি হুক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই হামলায় এ অস্ত্রের গুলিতে আহত হওয়া সব শিশুই মারা গিয়েছিল।

তবে সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্রের মালিকানা ও সুপ্রিম কোর্টের সাংবিধানিক ব্যাখ্যায় এমন দুটি পরিবর্তন এসেছে, যা বন্দুক রাখার অধিকারের পক্ষে থাকা সংগঠনগুলোর অবস্থানকে শক্তিশালী করেছে।

প্রথমত, যুক্তরাষ্ট্রে এআর-১৫ অস্ত্রের মালিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক হিসাব অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষের কাছে এআর-১৫ বা এ ধরনের রাইফেল রয়েছে। এক দশক আগের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। গত বছর এক সর্বসম্মত মতামতে সুপ্রিম কোর্টও স্বীকার করেছে, এ ধরনের অস্ত্র যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে বৈধ, সাধারণ ক্রেতাদের কাছে জনপ্রিয় এবং এআর-১৫ দেশটির সবচেয়ে জনপ্রিয় রাইফেল।

দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতিরা সাম্প্রতিক বছরগুলোতে সংবিধানের দ্বিতীয় সংশোধনীর ব্যাখ্যা ও প্রয়োগের পরিধি বিস্তৃত করেছেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ রায়ে আদালত স্বীকার করেছেন, মার্কিন সংবিধান নাগরিকদের নিজ বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখার ব্যক্তিগত অধিকার দেয়। পাশাপাশি বাড়ির বাইরেও অস্ত্র বহনের অধিকার রয়েছে নাগরিকদের। এমনকি সাধারণ মানুষের প্রবেশের জন্য উন্মুক্ত ব্যক্তিমালিকানাধীন জায়গা, যেমন দোকানেও অস্ত্র বহরের সুযোগ বাড়িয়েছে আদালতের কয়েকটি সিদ্ধান্ত।

এ ছাড়া কোনো অস্ত্র নিয়ন্ত্রণ আইনকে দ্বিতীয় সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক প্রমাণ করতে চাইলে সরকারকে এখন যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যে অনুরূপ বিধিনিষেধের নজির দেখাতে হয়। অর্থাৎ ১৭৯১ সালে দ্বিতীয় সংশোধনী অনুমোদনের সময় প্রচলিত অস্ত্র নিয়ন্ত্রণ আইনের সঙ্গে বর্তমান আইনের ঐতিহাসিক মিল থাকতে হবে।

২০০৮ সালের এক রায়ে প্রয়াত রক্ষণশীল বিচারপতি অ্যান্টোনিন স্কালিয়া বলেছিলেন, সাধারণ মানুষের মধ্যে বহুল ব্যবহৃত অস্ত্রের মালিকানার অধিকার দ্বিতীয় সংশোধনীর সুরক্ষা পেতে পারে। এবার এআর-১৫ নিষিদ্ধের বিরুদ্ধে করা মামলার বাদীপক্ষ তাদের মূল লিখিত যুক্তিতে ‘কমন ইউজ’ বা বহুল ব্যবহৃত শব্দবন্ধটি ৫৬ বার উল্লেখ করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও অস্ত্রের অধিকারের পক্ষে অবস্থান নিয়ে সেপ্টেম্বরে জমা দেওয়া লিখিত বক্তব্যে শব্দবন্ধটি ৪৯ বার ব্যবহার করেছে।

সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ফাউন্ডেশনের আইনি গবেষণা ও শিক্ষা বিভাগের পরিচালক কোস্তাস মোরোস স্বীকার করেছেন, এআর-১৫ বিপজ্জনক অস্ত্র। তবে তাঁর যুক্তি, সব আগ্নেয়াস্ত্রই বিপজ্জনক। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সংবিধান নাগরিকদের অস্ত্র রাখার অধিকার দিয়েছে।

মোরোস বলেন, সংবিধান নাগরিকদের অস্ত্র রাখা ও বহনের অধিকার দিয়েছে। এটি এমন একটি অধিকার, যার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের, রাজ্য বা সরকারের নয়।

বিপজ্জনক অস্ত্র নিষিদ্ধের ঐতিহাসিক নজির

সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি সাধারণত আইনি জটিলতায় পূর্ণ থাকে। তবে এআর-১৫ নিষিদ্ধের বৈধতা নিয়ে মামলাটি তুলনামূলকভাবে সরল বলে মনে করা হচ্ছে।

কানেকটিকাট অঙ্গরাজ্য ও কুক কাউন্টি ২০২২ সালের একটি গুরুত্বপূর্ণ রায়কে নিজেদের যুক্তির ভিত্তি হিসেবে তুলে ধরছে। ওই বছর ‘নিউইয়র্ক স্টেট রাইফেল অ্যান্ড পিস্তল অ্যাসোসিয়েশন বনাম ব্রুয়েন’ মামলায় সুপ্রিম কোর্ট নিউইয়র্কের এমন একটি আইন বাতিল করেন, যেখানে বাসিন্দাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি পেতে বিশেষ কারণ দেখাতে হতো।

সেই রায়ে ৬-৩ সংখ্যাগরিষ্ঠতায় আদালত বলেন, আধুনিক কোনো অস্ত্র নিয়ন্ত্রণ আইন দ্বিতীয় সংশোধনীর সাংবিধানিক চ্যালেঞ্জে টিকে থাকতে হলে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক অস্ত্র নিয়ন্ত্রণের ঐতিহ্যের সঙ্গে তার সামঞ্জস্য থাকতে হবে।

পরবর্তী কয়েকটি রায়ে আদালত এই মানদণ্ডের কিছু ব্যাখ্যা দিলেও কানেকটিকাট ও কুক কাউন্টির কর্মকর্তারা বলছেন, বিশেষভাবে বিপজ্জনক অস্ত্র নিষিদ্ধ করার দীর্ঘ ঐতিহাসিক নজির রয়েছে।

কানেকটিকাটের কর্মকর্তারা সুপ্রিম কোর্টে জমা দেওয়া বক্তব্যে বলেন, চতুর্দশ শতকের ইংল্যান্ড থেকে একবিংশ শতকের যুক্তরাষ্ট্র পর্যন্ত সরকারগুলো অস্বাভাবিকভাবে বিপজ্জনক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করেছে। কোনো অস্ত্র অন্যগুলোর তুলনায় বেশি প্রাণঘাতী হলে আইনপ্রণেতারা সেটি ব্যবহারে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এ যুক্তির সঙ্গে অতীতের কিছু আইনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২২ সালের ব্রুয়েন মামলার সংখ্যাগরিষ্ঠ রায় লেখেন বিচারপতি ক্লারেন্স থমাস। এর আগে আগ্নেয়াস্ত্র বহনের অধিকার নিয়ে আলোচনায় তিনি কয়েক শতাব্দী আগের কিছু আইনের প্রাসঙ্গিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে ‘লান্সগে’ নামের এক ধরনের বর্শা নিষিদ্ধের ঐতিহাসিক উদাহরণ নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, বৈধ যুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা অস্ত্রের ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা যুক্তিসংগত হতে পারে।

নিষেধাজ্ঞার সমর্থকেরা মনে করছেন, থমাসের ওই পর্যবেক্ষণ তাঁদের পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগ তৈরি করতে পারে।

তাঁদের দাবি, এআর-১৫ রাইফেলের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত এম-১৬ রাইফেলের নকশাগত সম্পর্ক রয়েছে। এ ছাড়া এআর-১৫-সহ দীর্ঘ নলের রাইফেল সাধারণত হ্যান্ডগানের তুলনায় বেশি নির্ভুল। ১৯৬০-এর দশকে বাণিজ্যিক বাজারে আসা এ ধরনের রাইফেলে ব্যবহৃত গুলি লক্ষ্যবস্তুতে আঘাতের পর শরীরের আরও ভেতরে প্রবেশ করতে পারে। ফলে ক্ষত আরও গুরুতর হয় বলে দাবি করেছে রাজ্য ও কাউন্টি কর্তৃপক্ষ।

তাদের আরও যুক্তি, এআর-১৫-এর নকশায় গুলির আঘাতের পর অস্ত্রের পশ্চাৎধাক্কা তুলনামূলক কম হয়। ফলে আধা-স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্রুত গুলি ছোড়ার সময়ও অস্ত্রের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয়।

কুক কাউন্টির প্রসিকিউটর বার্কের মতে, অস্ত্রটির পাল্লা ও নকশার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটি অত্যন্ত বিপজ্জনক।

তিনি বলেন, এ অস্ত্র সামরিক বাহিনীর ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। দূর থেকে শত্রুপক্ষের যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যেই এর নকশা করা হয়েছে।

অন্যদিকে, এআর-১৫ নিষিদ্ধের বিরোধিতাকারীরা অস্ত্রটির ব্যাপক জনপ্রিয়তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি হিসেবে সামনে আনছে।

যুক্তরাষ্ট্রের মাত্র ১১টি অঙ্গরাজ্যে এআর-১৫ নিষিদ্ধ করার আইন রয়েছে। ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে রাইফেলটি সহজলভ্য এবং লাখ লাখ বন্দুক মালিক এটি ব্যবহার করেন। তাঁদের বিপুল সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ নেই।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা মামলার বাদীপক্ষ লিখিত বক্তব্যে এআর-১৫-কে ‘আদর্শ আমেরিকান রাইফেল’ হিসেবে বর্ণনা করেছে।

এক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ শতাংশ আগ্নেয়াস্ত্র মালিকের কাছে এআর-১৫ অথবা এ ধরনের রাইফেল রয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা প্রায় ২ কোটি ৬০ লাখ।

২০২২ সালে ওয়াশিংটন পোস্ট ও ইপসসের পরিচালিত আরেক জরিপের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের কাছে এ ধরনের অস্ত্র রয়েছে। বাদীপক্ষের দাবি, অস্ত্রটির এত ব্যাপক ব্যবহারই নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য যথেষ্ট।

তাদের যুক্তি, ২০০৮ সালের ‘ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া বনাম হেলার’ মামলায় বিচারপতি স্কালিয়ার দেওয়া রায়ে স্পষ্ট করা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে বহুল ব্যবহৃত অস্ত্র নিষিদ্ধ করা যায় না।

এআর-১৫ অন্য আগ্নেয়াস্ত্রের তুলনায় বেশি বিপজ্জনক, এ দাবিও প্রত্যাখ্যান করেছে নিষেধাজ্ঞার বিরোধীরা। তাদের বক্তব্য, রাইফেলটিতে সাধারণত যে ধরনের গুলি ব্যবহার করা হয়, তার ক্যালিবার অনেক প্রচলিত শিকারের রাইফেলের গুলির চেয়েও ছোট।

সরকারি কর্মকর্তাদের দেওয়া কিছু সতর্কবার্তাকে অতিরঞ্জিত বলেও দাবি করেছে তারা। এক লিখিত বক্তব্যে বাদীপক্ষ বলেছে, এআর-১৫ সাধারণ রাইফেল, ‘স্টার ট্রেক’-এর মতো কল্পবিজ্ঞানের কোনো অস্ত্র নয়।

সব মিলিয়ে এআর-১৫-এর জনপ্রিয়তা, অস্ত্র নিয়ন্ত্রণের ঐতিহাসিক নজির এবং নাগরিকদের সাংবিধানিক অধিকার—এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই সুপ্রিম কোর্টের শুনানিতে দুই পক্ষের যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। আদালতের রায় যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন এবং দ্বিতীয় সংশোধনীর ভবিষ্যৎ ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News