
চলতি বছরের জানুয়ারিতে ভারতে প্রতি ১০ গ্রাম সোনার দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে পৌঁছেছিল। এরপর থেকে দেশটির বাজারে ধারাবাহিকভাবে কমছে মূল্যবান এই ধাতুর দাম।
সর্বশেষ লেনদেনে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপি। জানুয়ারির রেকর্ড দামের তুলনায় দাম কমেছে প্রায় ৫৯ হাজার রুপি। ভরির হিসাবে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) কমেছে প্রায় ৬৮ হাজার ৬০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ হাজার টাকা।
রোববার (২২ নভেম্বর) লাইভমিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম এখন ৩ হাজার ৫৩৯ ডলার। এর আগে রেকর্ড ৫ হাজার ৬২৬ ডলার ৮০ সেন্টে পৌঁছেছিল সোনার দাম। সেই তুলনায় বর্তমানে দাম কমেছে প্রায় ২ হাজার ৮৭ ডলার।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে সোনার দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। পাশাপাশি ভারতীয় রুপির দর বাড়ায় দেশটির বাজারে সোনার দাম আরও কমেছে। সপ্তাহের শেষ লেনদেনে প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬৬।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার জন্য ৩ হাজার ৫০০ ডলার একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক স্তর। দীর্ঘ সময় এ স্তরের নিচে দাম থাকলে তা কমে ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে। একইভাবে ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম নেমে আসতে পারে ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপিতে।
বাজার বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে ভারতে সোনার দাম কমার পেছনে তিনটি কারণ রয়েছে। এগুলো হলো—যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা, শক্তিশালী ডলারের কারণে মার্কিন বন্ডের উচ্চ সুদহার এবং ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর বৃদ্ধি।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের প্রভাবেও সোনা ও অন্যান্য পণ্যে বিক্রির চাপ বেড়েছে। নগদ অর্থের জোগান নিশ্চিত করতে বিনিয়োগকারীরা বিভিন্ন পণ্য ও মূল্যবান ধাতুতে বিনিয়োগ কমাচ্ছেন।
তবে একদল বাজার বিশ্লেষকের মতে, ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম শিগগিরই ১ লাখ রুপিতে নেমে আসার সম্ভাবনা কম। তাঁদের ধারণা, ভারত ও আন্তর্জাতিক—উভয় বাজারেই সোনা অতিরিক্ত বিক্রির পর্যায়ে রয়েছে। ফলে দাম আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ ভিত্তি পয়েন্টের কম বাড়ালে এবং ২৩ নভেম্বর প্রকাশিতব্য অক্টোবরের মার্কিন মূল্যস্ফীতির তথ্য ইতিবাচক হলে সোনায় নতুন করে বিনিয়োগের আগ্রহ তৈরি হতে পারে। এতে আবারও বাড়তে পারে মূল্যবান এই ধাতুর দাম।
Leave a Reply