১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত অবিলম্বে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীরের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। পাশাপাশি নীতিমালা প্রণয়ন ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে হবে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা একাকিত্ব ও হতাশাসহ নানা সমস্যায় আক্রান্ত হচ্ছে এবং তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়েছে, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে দৈনিক গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে।
গবেষণায় আরও বলা হয়েছে, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের রাতে গড় ঘুমের সময় ৭ দশমিক ৩ ঘণ্টা। অথচ এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া প্রায় ১৪ শতাংশ শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। অতিরিক্ত সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
Leave a Reply