1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলিতে এনামুল হক নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম জ্যোতিকাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকাকে গ্রেফতার করে ডিবির উত্তরা বিভাগের একটি দল।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে ভাটারা থানার সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় এনামুল হক ঢাকার আদালতে মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে।

মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News