1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় সর্বোচ্চ ফি ৮ হাজার টাকা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এফডব্লিউসিএমএস-ভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন নির্দেশনায় মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভুয়া প্রতিবেদন তৈরি, অতিরিক্ত অর্থ আদায় ও নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

১১ দফা নির্দেশনা হলো—

১. মেডিকেল স্লিপের সীমা: ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ দিতে হবে। তবে নির্ধারিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ দেওয়া যাবে। এর বাইরে অতিরিক্ত স্লিপ ইস্যু করা যাবে না।

২. দৈনিক পরীক্ষার প্রতিবেদন: প্রতিদিন সম্পন্ন হওয়া স্বাস্থ্য পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি তা অনলাইনে পাঠাতে হবে।

৩. তথ্যসহ প্রতিবেদন জমা: সব মেডিকেল পরীক্ষার প্রতিবেদন অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এতে প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

৪. পরীক্ষার ফি: মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি অর্থ আদায় করা যাবে না।

৫. ভুয়া প্রতিবেদন ও অপ্রয়োজনীয় পরীক্ষা বন্ধ: ইচ্ছাকৃতভাবে কোনো কর্মীকে অযোগ্য ঘোষণা করে বারবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। ভুয়া বা জাল প্রতিবেদন তৈরি, প্রদান ও ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

৬. মালয়েশিয়ায় গিয়ে অযোগ্য হলে ব্যয়ভার: বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত ঘোষিত হওয়ার পর মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগেই কোনো কর্মী অযোগ্য ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে দেশে ফেরত পাঠানোর খরচসহ সব ব্যয় বহন করতে হবে।

৭. আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা: মেডিকেল সেন্টারগুলোতে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষার উপকরণ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা রাখতে হবে। আন্তর্জাতিক মান অনুসরণ করে পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি প্রার্থীদের বসার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

৮. মাইগ্রাম ফি নিষিদ্ধ: ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না।

৯. নিয়ম লঙ্ঘনে ব্যবস্থা: নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১০. কঠোর নজরদারি: নির্দেশনা বাস্তবায়ন তদারকিতে মন্ত্রণালয় একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করবে।

১১. প্রবেশপথে বিলবোর্ড: প্রতিটি মেডিকেল সেন্টারকে নিজস্ব প্রবেশপথের সামনে বড় ও দৃশ্যমান বিলবোর্ড স্থাপন করতে হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News