আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে দুটি কর্মদল কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে।
আগের কর্মসূচি থেকে শর্তের কারণে সরকার পিছিয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, আগের কর্মসূচিটি ফ্যাসিস্ট সরকারের সময়ে নেওয়া হয়েছিল। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যা নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।
আমির খসরু বলেন, রাতারাতি সিদ্ধান্ত নিতে গেলে জনগণকে ভুগতে হতে পারে এবং অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই সময়ের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক কাঠামো সাজাতে হবে। পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগীরা সমন্বয় করছে। সব অংশীদারকে সরকারের পরিকল্পনার সঙ্গে সমন্বিত করতে পারলে কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে। আইএমএফও এ প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করছে।
Leave a Reply