কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডই বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলটি কোনো কর্মকাণ্ড চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
রোববার (১৫ নভেম্বর) সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে, যাতে আওয়ামী লীগ আর কোনো বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য বা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে। এ বিষয়ে জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সতর্ক রয়েছেন।
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, সরকার সব চক্রান্তকারীর বিরুদ্ধে সতর্ক রয়েছে। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভীর অভিযোগ, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে নাশকতা ও অরাজকতা চালাচ্ছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ, কোথাও গাড়িতে আগুন দেওয়া এবং পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
শেখ হাসিনার অনুসারীরা দেশের ভেতরে ও বাইরে থেকে এসব কর্মকাণ্ডে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, তাদের মালিকানাধীন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে এসব পরিস্থিতি সামাল দিচ্ছেন।
চিহ্নিত দুষ্কৃতকারীরা নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে দেশকে বিপদের মুখে ঠেলে দিতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
Leave a Reply