কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তাঁর দাবি, ঘটনার আগে আওয়ামী লীগ নেতাদের ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন এ ঘটনার দায় স্বীকার করে উল্লাসও করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নুসরাত বলেন, বাড়িতে হামলার ঘটনাটি দেখতে পেট্রল বোমা হামলার মতো। তবে তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলতে চান না তিনি। ব্যক্তিগতভাবে এ ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত বলে মনে করেন। এ ধরনের হামলা চালিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তাঁকে হুমকি দিয়ে ফোন করা হয়। এর আগে-পরে আরও কয়েকটি হুমকি পান। গত মঙ্গলবার এসব বিষয়ে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
নুসরাতের ভাষ্য, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল। এ ছাড়া ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন দায় স্বীকার করে উল্লাস করছেন বলেও অভিযোগ করেন তিনি।
বাড়ির সিসিটিভি ফুটেজের সময় উল্লেখ করে নুসরাত বলেন, রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রল বোমা হামলা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।
তিনি বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। পরিবারটি তাঁদের বাড়ির দেখাশোনা করত। ওই পরিবারের একটি শিশু হামলায় আহত হয়েছে। এ ছাড়া তাঁর বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে এবং বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নুসরাত বলেন, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কেন্দ্র না থাকায় আগুন নেভানোর আগেই বাড়ির অধিকাংশ পুড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার দাবি জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্র কতটুকু দায়িত্ব নিতে পারে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর জানানো উচিত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে সংসদ সদস্য—কারও নিরাপত্তাই নিশ্চিত নয়।
স্থানীয় কারও সংশ্লিষ্টতা আছে কি না, এমন প্রশ্নে নুসরাত বলেন, তিনি এলাকাবাসীকে সন্দেহ করেন না। তাঁর ব্যক্তিগত ধারণা, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করার দায়িত্ব পুলিশের।
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে।
Leave a Reply