দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ও অস্থিতিশীলতা তৈরিতে অপশক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। তবে জনসমর্থনহীন কোনো অপচেষ্টাই সফল হবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে। দেশে অর্থ পাচার ও বিভিন্ন মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা হচ্ছে। সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেন।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকেই সেদিন সাধারণ সিপাহী ও জনতা রাজপথে নেমে এসেছিলেন। তাঁর দাবি, ওই বিপ্লবের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনেও মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
বিগত শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, একদলীয় শাসন, গুম, খুন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দেওয়ার কারণেও সাধারণ মানুষ ও নারীদের গ্রেপ্তার করা হয়েছে। দেশে যেন আর সেই ভয়ের সংস্কৃতি ফিরে না আসে, সে জন্য স্থায়ী ও ভয়হীন গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শিক্ষাব্যবস্থা ও বুদ্ধিজীবী সমাজের ভূমিকা নিয়েও সমালোচনা করেন রিজভী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিগত আমলে প্রাথমিক বিদ্যালয় থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন হয়েছে। পাঠ্যপুস্তকে মনগড়া ইতিহাস যুক্ত করে শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply