1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ফতুল্লায় মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত ৪৮ শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে ভেন্টিলেটর সহায়তা দেওয়া হচ্ছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী আসার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা শ্বাসকষ্ট ও ধোঁয়াজনিত শ্বাসনালির ক্ষতিতে আক্রান্ত হন। পরে মাদরাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News