1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ট্রাম্পের নমনীয় অবস্থানে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ কমে ৯২ দশমিক ৩৩ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের কার্যদিবসেও তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে যায়। একপর্যায়ে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এ জ্বালানি তেলের দাম।

সোমবার ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা নেই তাঁর। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এবং পরে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আপাতত হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ইস্যুতে ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক বাজার। তবে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা এখনো ঘটছে। যদিও পরিস্থিতি এখনো বাজারে নতুন করে বড় ধরনের ঝুঁকি তৈরির পর্যায়ে পৌঁছায়নি।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শিগগিরই শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, কল্পিত আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি বন্ধ করতে হবে। একই সঙ্গে ইরানের উত্থাপিত সাতটি শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, তেল সরবরাহের ক্ষেত্রে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদন বেড়েছে। রয়টার্সের এক জরিপ অনুযায়ী, অক্টোবরে সৌদি আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বৃদ্ধির কারণে জোটটির সামগ্রিক তেল উৎপাদন বেড়েছে। তবে রপ্তানির ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দিনের আলোচনায় বসার পরিকল্পনা করেছেন। গত ফেব্রুয়ারির পর এটিই দুই দেশের মধ্যে প্রথম বৈঠক। গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, দীর্ঘদিনের যুদ্ধ অবসানে একটি বৃহত্তর শান্তিচুক্তি সম্ভব হতে পারে, যাতে ইউরোপের নিরাপত্তার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News