1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

৭ নভেম্বর জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অরক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাতে অফিসার্স ক্লাব, ঢাকা আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়নি। একদলীয় শাসনের কারণে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা ও জনমনে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই সংকটময় সময়ে ভূরাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ করে সিপাহী-জনতা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশের নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিল।

তিনি বলেন, ক্ষমতার মোহে বা নিজের উদ্যোগে জিয়াউর রহমান ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব ঘটাননি; বরং জাতির প্রয়োজনে জনগণই তাঁকে নেতা হিসেবে বেছে নিয়েছিল। তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, সমসাময়িক অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক সংবিধানের ভিত্তি তৈরি হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ নভেম্বর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়। এটি বাংলাদেশি জাতীয়তাবাদ ও সর্বস্তরের মুক্তিকামী মানুষের সার্বজনীন অর্জন। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে ব্রিটিশরা বিদ্রোহ হিসেবে আখ্যা দিলেও সেটি ছিল উপমহাদেশের প্রথম স্বাধীনতাযুদ্ধ। সেই বিপ্লব ব্যর্থ হলেও ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব সফল হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই গণঅভ্যুত্থান এক দিনে গড়ে ওঠেনি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু মানুষের আত্মত্যাগ, রক্ত, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিনিময়ে এ অর্জন এসেছে। তাই কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক শক্তির এককভাবে এর মালিকানা দাবি করা উচিত নয়।

সিভিল সার্ভিসের কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের সেবা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাব ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে প্রজাতন্ত্রের সেবা এবং নির্বাচিত সরকারের ইশতেহার বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বেআইনি আদেশ অমান্য করে নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনকালীন দায়িত্ব পালন সরকারি কর্মচারীদের মৌলিক দায়িত্ব।

অতীতের প্রশাসনিক ভূমিকার সমালোচনা করে মন্ত্রী বলেন, রাজনৈতিক চাপ, লোভ কিংবা ভীতির কারণে সিভিল সার্ভিসের একাংশ ভোটারবিহীন ও রাতের ভোটের নির্বাচনে সহায়তা করে প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। ভবিষ্যতে যেন রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনকে ব্যবহার করে একদলীয় শাসন প্রতিষ্ঠা বা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

ডেপুটি কমিশনারদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাঠপর্যায়ে তাঁরা রাষ্ট্রের নির্বাহী প্রধানের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তাই তাঁদের দায়িত্ব অপরিসীম এবং সব সময় দায়িত্বশীল ও পরিশীলিত আচরণ বজায় রাখতে হবে।

গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচ বছর পর জনগণ যাদের ম্যান্ডেট দেবে, তাদের হাতেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। কারণ পরিবর্তনই গণতন্ত্রের মূল ভিত্তি।

অফিসার্স ক্লাব ঢাকার সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের ট্রেজারার ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। এ ছাড়া বক্তব্য দেন সাবেক সচিব ও ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক মসিউর রহমান, সাবেক সচিব এস এম জহিরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মাসুদ আলমগীর হোসেন। সমাপনী বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি এম এ রাজেক।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News