
আলভী মাহামুদ আলিফ:
ক্যাডেট কলেজের আদলে দেশের ৩০০টি সংসদীয় আসনে ৬০০টি আবাসিক মডেল স্কুল ও কলেজ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। প্রস্তাব অনুযায়ী, প্রতিটি আসনে ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানের পাশাপাশি এসব প্রতিষ্ঠানে আবাসন, খেলাধুলা, সাঁতার, সাংস্কৃতিক চর্চা এবং আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষার সুযোগ থাকবে।
‘বাংলাদেশের নির্বাচিত এলাকাসমূহে ৬০০টি মডেল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। তবে বিপুল ব্যয়ের এ প্রকল্প এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। বাস্তবায়নের দায়িত্বে থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০৩১ সালের ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ বছরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর প্রাক্কলিত ব্যয় ৬৮ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ২০ হাজার ৫২০ কোটি টাকা এবং বিদেশি সহায়তা থেকে ৪৭ হাজার ৮৮০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
সম্ভাব্য উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, কোরিয়ার ইডিসিএফ ও ইসলামী উন্নয়ন ব্যাংকের নাম প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। তবে কোনো সংস্থার অর্থায়নের প্রতিশ্রুতি এখনো নিশ্চিত হয়নি।
প্রতিটি সংসদীয় আসনে একটি বালক ও একটি বালিকা শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আনুমানিক তিন একর জমি প্রয়োজন হবে। সে হিসাবে ৬০০টি প্রতিষ্ঠানের জন্য মোট প্রায় এক হাজার ৮০০ একর জমির প্রয়োজন পড়বে। সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে জমির প্রাপ্যতা ও স্থান নির্বাচন যাচাই করার কথা রয়েছে।
প্রতিটি প্রতিষ্ঠানে আনুমানিক এক হাজার থেকে এক হাজার ১০০ শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ থাকবে। এ হিসাবে ৬০০ প্রতিষ্ঠানে প্রায় ছয় লাখ শিক্ষার্থী ভর্তির সক্ষমতা তৈরি হবে। প্রতিটি প্রতিষ্ঠানে প্রায় ৪৫ জন শিক্ষক প্রয়োজন হবে। সব মিলিয়ে শিক্ষক লাগবে প্রায় ২৭ হাজার।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক একাডেমিক ভবন, সাধারণ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের পরীক্ষাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকস চর্চার জন্য বিশেষ ল্যাব এবং ডিজিটাল শিক্ষাকেন্দ্র থাকবে।
বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানি, কোরীয়, আরবি ও ম্যান্ডারিন ভাষা শেখার জন্য ভাষা ল্যাব স্থাপনের প্রস্তাব রয়েছে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে পাঠাগার, মিলনায়তন, সাংস্কৃতিক কেন্দ্র, সংগীত, নাচ, নাটক ও চিত্রকলার চর্চার সুযোগ রাখা হবে। বিজ্ঞান ক্লাব, বিতর্ক ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে।
প্রতিটি প্রতিষ্ঠানে ১০০ আসনের আবাসিক হোস্টেল, খেলার মাঠ, ফুটবল ও ক্রিকেট খেলার ব্যবস্থা, ইনডোর গেমস এবং সুইমিংপুল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে কেন্দ্রীয় রান্নাঘর ও খাবার ঘর থাকবে। এ ক্ষেত্রে জাপানের স্কুলভিত্তিক খাবার ও পুষ্টিশিক্ষা ব্যবস্থার আদলে কার্যক্রম পরিচালনার ধারণা দেওয়া হয়েছে।
এ ছাড়া চিকিৎসা ও প্রাথমিক চিকিৎসাকক্ষ, স্কুল নার্স, মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। মেয়েদের জন্য পৃথক কমনরুম ও স্বাস্থ্যসেবার সুবিধা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের জন্য র্যাম্প, লিফট ও বাধামুক্ত অবকাঠামো নির্মাণের প্রস্তাব রয়েছে। নিরাপত্তায় সীমানাপ্রাচীর, নিয়ন্ত্রিত প্রবেশপথ, সিসিটিভি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও রাখা হবে।
পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়তে সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, পানি পুনর্ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও বাগান করার পরিকল্পনা রয়েছে।
তবে প্রকল্প বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে অর্থায়ন, জমি সংগ্রহ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয়। মোট ব্যয়ের ৭০ শতাংশ বিদেশি সহায়তা থেকে সংগ্রহের পরিকল্পনা থাকলেও সেই অর্থায়ন এখনো নিশ্চিত হয়নি। পাশাপাশি প্রায় ২৭ হাজার শিক্ষক নিয়োগের পাশাপাশি বিপুলসংখ্যক প্রশাসনিক ও সহায়ক জনবল প্রয়োজন হবে।
পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী, প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষার জন্য চার কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। এ সমীক্ষায় প্রকল্পের প্রয়োজনীয়তা, স্থান নির্বাচন, জমির প্রাপ্যতা, ব্যয়, অর্থায়ন ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। সমীক্ষার ফলের ভিত্তিতে বিস্তারিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করতে হবে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছরের অনুমোদিত নতুন প্রকল্পের তালিকায় নেই। উন্নয়ন সহযোগীদের আগ্রহ ও অর্থায়নের সম্ভাবনা থাকলে নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ প্রকল্পটি এখনো প্রাথমিক পরিকল্পনা পর্যায়ে রয়েছে। চূড়ান্ত অনুমোদন ও অর্থায়ন নিশ্চিত হওয়ার পরই এর বাস্তবায়ন শুরু হবে।
Leave a Reply