1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

‘উদ্যোগ’ কর্মসূচির ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কয়েকটি চক্র। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, সম্প্রতি কিছু ব্যক্তি বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা ও অন্যান্য মাধ্যমে ঋণের নিশ্চয়তা দেওয়ার কথা বলে অর্থ আদায়ের চেষ্টা করছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ না দেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পেজ নেই। এ নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে প্রতারণা কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কর্মসূচিটি সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। গত ১ নভেম্বর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে বিতরণ করা হবে। অনুদানের অর্থ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে।

আগ্রহী উদ্যোক্তাদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে।

এর আগে কর্মসূচির পরীক্ষামূলক পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হওয়া ওই পর্যায়ে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News