সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্প মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ ভুলক্রমে এসব কর্মকাণ্ডে ইন্ধন দিয়ে থাকলে বা জড়িত থাকলে তাঁদের তা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
তিনি বলেন, ‘আমরা কোনো শিল্পকারখানা বন্ধ হোক, এক মুহূর্তের জন্যও তা চাই না। কোনো অস্থিরতা সৃষ্টি হোক, সেটাও চাই না।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড চালাবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।
তিনি অভিযোগ করেন, কিছু পতিত শক্তির দোসর দেশে রয়েছে। গত কয়েক দিনে দেশকে অস্থিতিশীল করার যেসব চেষ্টা হয়েছে, তাতে কোনো শ্রমিক ভাইবোন জড়িত ছিলেন না। তাঁর দাবি, ভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।
ডিসেম্বর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে এবং থাকবে।’
তিনি আরও বলেন, কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরতে চাইলে দ্রুত ফিরতে পারেন। তাঁদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, আওয়ামী লীগ সরকারের পলাতক নেতাকর্মীরা ডিসেম্বর নিয়ে আলোচনা করে নিজেদের কর্মীদের উজ্জীবিত করতে চাইছেন। তাঁরা চাইলে আজই দেশে ফিরতে পারেন। তাঁদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে।
Leave a Reply