1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ট্রাম্পের নির্বাচনী সমাবেশে নিকি মিনাজ, রিপাবলিকানদের প্রতি সমর্থন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে মিশিগানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজ। রোববার (২৫ অক্টোবর) পোর্ট হুরনে আয়োজিত ওই সমাবেশে রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে মিনাজ বলেন, ট্রাম্প ‘দেশের পরিবেশ বদলে দিয়েছেন’ এবং যুক্তরাষ্ট্রের মানুষকে সামনে এগিয়ে যাওয়ার মতো ভবিষ্যতের আশা দেখিয়েছেন।

সমাবেশে নিকি মিনাজকে মঞ্চে আমন্ত্রণ জানান ট্রাম্প। বক্তব্যে মিনাজ বলেন, ট্রাম্প এমন একটি ভবিষ্যৎ দেখিয়েছেন, যার দিকে তাকিয়ে মানুষ আশাবাদী হতে পারে।

ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁর কয়েকটি নীতির সমালোচনা করলেও পরবর্তী সময়ে নিজেকে মার্কিন প্রেসিডেন্টের ‘এক নম্বর ভক্ত’ হিসেবে পরিচয় দিয়েছেন এই র‍্যাপার। এবার মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকানদের পক্ষে প্রকাশ্যে প্রচারে অংশ নিলেন তিনি।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে। ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি সময়ে রিপাবলিকানরা কংগ্রেসে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন, নাকি ডেমোক্র্যাটরা তা নিজেদের হাতে নেবেন, তা নির্ধারণে নির্বাচনটি গুরুত্বপূর্ণ।

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল-এল সাঈদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। নির্বাচনের এক সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকতে উভয় পক্ষই প্রচার জোরদার করেছে। এর আগে শনিবার সাঈদের পক্ষে নির্বাচনী সমাবেশে অংশ নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

রোববারের সমাবেশে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী আবদুল-এল সাঈদের মুসলিম ধর্মবিশ্বাস ও পারিবারিক পটভূমি নিয়ে মন্তব্য করেন। সাঈদ নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রে ‘জিহাদিদের আমন্ত্রণ জানাবেন’ বলে অভিযোগ করেন ট্রাম্প।

এর আগে ট্রাম্পের এ ধরনের মন্তব্যের সমালোচনা করে সাঈদ সেগুলোকে ইসলামবিদ্বেষী বলে অভিহিত করেন। গত সপ্তাহে ভোটারদের উদ্দেশে প্রকাশিত এক বিজ্ঞাপনে তিনি বলেন, ট্রাম্প তাঁর নাম ও ধর্মবিশ্বাসকে ব্যবহার করে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সাঈদের মতে, ট্রাম্পের নীতির কারণে জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও চিকিৎসাসেবার ব্যয় নিয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, তা নিয়েই আলোচনা হওয়া উচিত।

পোর্ট হুরনের সমাবেশে সোনালি রঙের পোশাক পরে উপস্থিত হন নিকি মিনাজ। মঞ্চে উঠে তিনি উপস্থিত জনতাকে ট্রাম্প ও মিশিগানের রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে স্লোগান দিতে নেতৃত্ব দেন। মিনাজ বলেন, দেশের জন্য গুরুত্বপূর্ণ এই সময়ে তাঁদের নির্বাচিত করা প্রয়োজন।

মঞ্চ থেকে নামার সময় মিনাজের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, এর আগে কখনো তাঁকে এত সুন্দর দেখায়নি। পরে ট্রাম্প আরও বলেন, মিনাজ বিষয়টি বোঝেন এবং তিনি বুদ্ধিমতী।

মিশিগানে যাওয়ার পথে প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজেও ট্রাম্পের সঙ্গে ছিলেন মিনাজ। সেখানে হোয়াইট হাউসের প্রেস সচিব পদে চাকরির সাক্ষাৎকার দেওয়ার অভিনয় করে একটি ভিডিও ধারণ করেন তিনি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, পদটি তখন শূন্য ছিল।

এর আগেও ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে প্রকাশ্যে এসেছেন ত্রিনিদাদ ও টোবাগোতে জন্ম নেওয়া এই র‍্যাপার। নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর নির্যাতন হচ্ছে বলে ট্রাম্প যে অভিযোগ করেছিলেন, সে বিষয়েও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মিনাজ।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ এবং পরবর্তী সময়ে নাগরিকত্ব পাওয়ার পথ তৈরি করতে পারে—এমন ‘গোল্ড কার্ড’ ভিসা কর্মসূচির প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News