1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

টঙ্গীর মাদ্রাসার ঘটনা নিয়ে মামুনুল হকের ৮ দফা বক্তব্য

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসা থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মোসলেম আহম্মদ (৩০) বর্তমানে কারাগারে রয়েছেন। গত বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়। ঘটনাটি কেন্দ্র করে পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে।

এদিকে, এ ঘটনা নিয়ে রোববার (২৫ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। পাঁচ দিনের সফরে মালয়েশিয়ায় থাকা অবস্থায় দেওয়া ওই পোস্টে তিনি ন্যায়বিচার, শিশুর নিরাপত্তা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে রাজনৈতিক বিভাজনের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

অভিযোগের গুরুত্ব ও প্রমাণের প্রয়োজনীয়তা

মামুনুল হক বলেন, গুরুতর অপরাধের জন্য অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তি নিশ্চিত করা জরুরি। তবে অপরাধ যত গুরুতর, তা প্রমাণের জন্যও তত শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রমাণ প্রয়োজন। সন্দেহ, অনুমান কিংবা দুর্বল প্রমাণের ভিত্তিতে কাউকে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করা ন্যায়বিচারের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।

তাঁর ভাষ্য, অভিযোগ যথাযথভাবে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারীর দায় নির্ধারণের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

শিশুর মনস্তত্ত্ব ও অভিযোগ যাচাই

পোস্টে শিশুদের মনস্তত্ত্বের বিষয়টিও তুলে ধরেন মামুনুল হক। নিজের শৈশব ও শিক্ষকতার সময়কার কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, কখনো কখনো শিশুরা কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বা নিজেদের ভুল আড়াল করতে কাল্পনিক ঘটনা সাজাতে পারে।

তবে টঙ্গীর নির্দিষ্ট ঘটনায় অভিযোগের সত্যতা নির্ধারণের ক্ষেত্রে যথাযথ তদন্ত ও প্রমাণের গুরুত্বের ওপর জোর দেন তিনি। তাঁর মতে, শুধু অভিযোগের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

টঙ্গীর ঘটনায় ন্যায়বিচারের আহ্বান

মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর উল্লেখ করে মামুনুল হক বলেন, অভিযোগ প্রমাণিত হলে অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে স্বাভাবিকভাবেই বাবা-মা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। তবে বিচারপ্রক্রিয়ায় আবেগের পরিবর্তে নিরপেক্ষতা ও প্রমাণকে গুরুত্ব দিতে হবে।

মাদ্রাসায় শিশু নির্যাতন ও গণমাধ্যমের ভূমিকা

মামুনুল হক দাবি করেন, গত কয়েক মাসে মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ নিয়ে গণমাধ্যমে আলোচনা বেড়েছে। তাঁর প্রশ্ন, এ ধরনের ঘটনা কি সাম্প্রতিক সময়ে বেড়েছে, নাকি আগে থেকেই ঘটছিল এবং এখন বেশি আলোচনায় আসছে?

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে কিছু ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তুলে ধরে সমাজে বিভাজন তৈরির চেষ্টা হতে পারে। তবে তাঁর এসব বক্তব্য ও অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের আহ্বান

মাদ্রাসা কর্তৃপক্ষ, আলেম সমাজ, ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মামুনুল হক। তিনি বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং নির্যাতনের অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তাঁর দাবি, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও শিশুশিক্ষার্থীদের সুরক্ষায় বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনার মধ্যে সুরক্ষা কমিটি গঠন এবং শিশু নির্যাতনের অভিযোগ দ্রুত আমলে নেওয়ার বিষয় রয়েছে।

গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি বক্তব্য

পোস্টে কিছু গণমাধ্যমের বিরুদ্ধে সমন্বিতভাবে মাদ্রাসা ও ধর্মীয় অঙ্গনের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর অভিযোগ করেন মামুনুল হক। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ ছাড়া ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর নেতাদের বিএনপির নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সঠিক পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। টঙ্গীর ঘটনায় সরকার-সংশ্লিষ্ট কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রচেষ্টাকে প্রশ্রয় দিয়ে থাকলে তা পুনর্বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

পোস্টের শেষাংশে ধর্মীয় অঙ্গনের বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মামুনুল হক। তিনি বলেন, শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা, প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধ কাউকে অন্যায়ের শিকার হতে না দেওয়া—সবকিছুই সমান গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ও রাজনৈতিক বিভাজন ঠেকানোর ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, ন্যায়বিচার, শিশুর সুরক্ষা ও সামাজিক ঐক্যকে সামনে রেখেই বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News