
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার বর্ণনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়নের এলাকায় এ ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় সেখানে টহলরত পুলিশ সদস্যরা উপস্থিত হন।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের সদস্যসংখ্যা কম ছিল। এ কারণে তাঁরা হামলার শিকার হন। সরকার ঘটনার ভিডিও দেখেছে। হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply