1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

দেশ থেকে চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইনটি পাস হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে বলে জানান তিনি।

শনিবার (২৪ অক্টোবর) খুলনা পুলিশ লাইনে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান আইজিপি।

তিনি বলেন, সমাজে চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিরা সাধারণত প্রভাবশালী হয়ে থাকেন। রাজনৈতিক বা অন্য কোনো ক্ষমতার দাপটে তাঁরা এসব অপরাধ করেন। ফলে সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা ভয়ে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে চান না, এমনকি সাক্ষ্য দিতেও রাজি হন না। এ পরিস্থিতিতে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইনের প্রস্তাব দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, আইনটি পাস হলে পুলিশ স্বপ্রণোদিত হয়ে আইনগত ব্যবস্থা নিতে পারবে। যেকোনো ধরনের ডিজিটাল প্রমাণ পাওয়া গেলেই অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন আইন প্রণয়নের বিষয়ে অগ্রগতি দেখা যাবে বলেও জানান তিনি। তাঁর প্রত্যাশা, এর মাধ্যমে এসব অপরাধ নির্মূল করা সম্ভব হবে।

পুলিশের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ তুলে ধরে মো. আলী হোসেন ফকির বলেন, অনেক ক্ষেত্রে আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ বলপ্রয়োগ করলে তাকে ‘ফ্যাসিস্ট’ বলা হয়। আবার বলপ্রয়োগ না করলে বলা হয়, পুলিশ দুর্বল। তাঁরা এর কোনোটিই দেখতে চান না। সবাই মিলে একটি কার্যকর পুলিশ বাহিনী গড়ে তুলতে চান তাঁরা।

তিনি আরও বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই নতুন প্রজন্ম কাজ করছে।

আইজিপি বলেন, বিগত ১৭ বছরে মাদককে সমাজে স্বীকৃত বিষয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমান সরকার কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি কঠোরভাবে নির্মূল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রম নতুন করে সাজানো হচ্ছে বলে জানান আইজিপি। তিনি বলেন, আগে কমিউনিটি পুলিশিং অনেকটা খাতা-কলমেই সীমাবদ্ধ ছিল। এখন স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার এ কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে। আইনের কাঠামোর মধ্যে পুলিশের একটি শাখা হিসেবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে।

সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. রেজাউল করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News