1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

আওয়ামী লীগ চেষ্টা করলেও স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের ইতিহাস পাল্টাতে পারবে না: মীর শাহে আলম

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, এ ইতিহাস পাল্টানো যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার হুমকি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আসার হুমকি দেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। অন্যদিকে, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটাই জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য।

বিএনপির জনপ্রিয়তার কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে। জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, তাঁরা বেহেশতের নিশ্চয়তা দিতে পারবেন না, তবে উন্নয়নের নিশ্চয়তা দিতে চান। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চান। প্রতিটি পরিবারের হাতে পারিবারিক কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে চান।

মীর শাহে আলম বলেন, জামায়াতে ইসলামী বড় বড় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তায় কার্যকর উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন।

সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আগে জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছেন, এমন ব্যক্তিদের বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া আদালতের সরকারি কৌঁসুলি শফিকুল ইসলাম টুকু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ অনেকে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News