1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিন শনাক্ত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

ভারত থেকে সরকারিভাবে আমদানি করা চাল প্রাথমিক পরীক্ষায় খাবার উপযোগী ঘোষণা করা হলেও পরবর্তী পরীক্ষায় তাতে বিষাক্ত উপাদান আফলাটক্সিনের অস্তিত্ব পাওয়া গেছে। চট্টগ্রামের হালিশহর কেন্দ্রীয় খাদ্যগুদামে সংরক্ষিত ১৩৫ টন চালে এ ক্ষতিকর উপাদান শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন হালিশহর কেন্দ্রীয় খাদ্যগুদামের ব্যবস্থাপক ইকবাল মাহমুদ। তিনি জানান, আমদানি করা ১৩৫ টন চালে আফলাটক্সিন পাওয়া গেছে। অধিকতর পরীক্ষার জন্য চালের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এমভি এইচটি পাইওনিয়ার জাহাজে করে ভারত থেকে চালগুলো আনা হয়। গত ২১ জুলাই জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। পরদিন খাদ্য অধিদপ্তরের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের উপস্থিতিতে চালের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় চাল খাবার উপযোগী বলে প্রতিবেদন পাওয়ার পর ২৪ ও ২৫ জুলাই সেগুলো খালাস করা হয়।

পরে চালের একটি অংশ ঢাকার তেজগাঁও কেন্দ্রীয় খাদ্যগুদাম, চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাট কেন্দ্রীয় খাদ্যগুদাম এবং গাজীপুরের জয়দেবপুর স্থানীয় খাদ্যগুদামে পাঠানো হয়। তবে গুদামে পৌঁছানোর পর চালের নিম্নমান নিয়ে আপত্তি জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। চাল খাবারের উপযোগী নয় বলে মনে হওয়ায় পরিবহন ঠিকাদাররাও সেগুলোর পরিবহন স্থগিত রাখেন। পরে বিষয়টি লিখিতভাবে খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়।

এরপর আমদানি করা চালের মান যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। গত ১৭ আগস্ট গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের শস্যমান ও পুষ্টি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরীফা সুলতানা দীপ্তির নেতৃত্বে দুই সদস্যের একটি দল চট্টগ্রামে যায়। দলটি হালিশহর ও দেওয়ানহাট কেন্দ্রীয় খাদ্যগুদামের কয়েকটি স্তূপ থেকে চালের নমুনা সংগ্রহ করে। পরবর্তী পরীক্ষায় হালিশহর গুদামের ১৩৫ টন চালে আফলাটক্সিনের অস্তিত্ব পাওয়া যায়।

খাদ্য বিভাগ সূত্র জানায়, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দিন খানের নির্দেশে সাড়ে ৯ হাজার টন চালের বিতরণ স্থগিত রেখে মান পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষায় ১৩৫ টন চালে ক্ষতিকর উপাদানটি শনাক্ত হয়। বাকি চাল নিয়ম অনুযায়ী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন হালিশহর কেন্দ্রীয় খাদ্যগুদামের ব্যবস্থাপক ইকবাল মাহমুদ ও দেওয়ানহাট কেন্দ্রীয় খাদ্যগুদামের ব্যবস্থাপক হামিম রহমান।

চট্টগ্রাম খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ শাখার নিয়ন্ত্রক রেজোয়ান সাকিব বলেন, হালিশহর কেন্দ্রীয় খাদ্যগুদামের চালে আফলাটক্সিনের অস্তিত্ব পাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনায় অধিকতর পরীক্ষার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, খাদ্যে আফলাটক্সিনের উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকির কারণ। এটি এক ধরনের বিষাক্ত উপাদান, যা মূলত অ্যাসপারজিলাস গোত্রের ছত্রাক থেকে তৈরি হয়। আর্দ্র বা অনুকূল পরিবেশে শস্য, বাদাম ও চাল দীর্ঘসময় সংরক্ষণ করা হলে এ ছত্রাক এবং এর বিষাক্ত উপাদান তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা জানান, দীর্ঘদিন আফলাটক্সিনযুক্ত খাবার খেলে মানুষের যকৃত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যকৃতের ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News