
পাহাড়কে অশান্ত করে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি এবং রাজনৈতিক সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। তাঁর দাবি, পার্বত্য অঞ্চল নিয়ে প্রতিবেশী কয়েকটি দেশ বছরের পর বছর ষড়যন্ত্র করছে। পাহাড়ের কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিবেশী দেশগুলোতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এ ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এ বিষয়ে সোচ্চার রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর রয়েছে।
বিরোধী দলের ঘোষিত খুলনা বিভাগে লংমার্চ কর্মসূচির সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াত-এনসিপি জোটের লংমার্চ আগেও সফল হয়নি। খুলনা বিভাগের লংমার্চও সফল হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি।
Leave a Reply