1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে আধুনিক বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে : পানিসম্পদ মন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৩ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নে লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে তাঁরা কাজ করছেন। নির্বাচনের আগে তাঁর বাবা ও মায়ের পরিকল্পনার আলোকে এসব উদ্যোগ জাতির সামনে তুলে ধরা হয়েছিল। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নে তাঁরা মাঠে নেমেছেন। তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও পুনর্গঠনের অগ্রযাত্রা এগিয়ে নেওয়া হচ্ছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, গত ১৭ বছর তাঁরা বঞ্চনা ও উপেক্ষার শিকার হয়েছেন। দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসন দেশকে গ্রাস করেছিল বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, দেশকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্যাতিত হওয়ার কথা উল্লেখ করে এ্যানি বলেন, তারেক রহমানও নির্বাসিত থাকাকালে দেশে বসে কাজ করতে পারেননি। বিদেশ থেকে দূরবর্তী বৈঠকের মাধ্যমে তিনি পরিকল্পনা দিয়েছেন এবং দলের নেতাকর্মীরা মাঠে কাজ করেছেন। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তাঁরা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরে পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান বিরোধী দলের নেতাকর্মীরাও আন্দোলন-সংগ্রাম করেছেন, তা তাঁরা অস্বীকার করেন না। তবে ২৮ অক্টোবরের আন্দোলনে তাঁদের কোথায় পাওয়া গেছে, সে প্রশ্ন তোলেন তিনি। অতীতের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও জোটের প্রসঙ্গ তুলে তিনি নেতাকর্মীদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

বিরোধী দলের সাম্প্রতিক কর্মসূচির সমালোচনা করে এ্যানি বলেন, লংমার্চ, রোডমার্চ ও এক দফার আন্দোলনের কর্মসূচি দেওয়া হচ্ছে। তবে তাঁদের হুমকি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করে তিনি বলেন, তাঁরা রাজপথের আন্দোলন থেকেই উঠে এসেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শামস জেরিন জর্জি। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান, সংগঠনটির প্রতিষ্ঠাতা আহসান হাবিব, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেনসহ অন্যরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News