1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নওগাঁয় সিঁদুর খেলায় মেতে উঠলেন নারীরা, বিদায় নিলেন দেবী দুর্গা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

ঢাকের কাঠি, ধূপ-ধুনার সুবাস আর শঙ্খধ্বনিতে নওগাঁয় বইছে বিদায়ের সুর। বিষাদ ও আনন্দের মিশেলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটছে। বিজয়া দশমীতে দেবী দুর্গার বিদায় উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপে দেবীবরণ ও সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকেই নওগাঁর বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের ভিড় দেখা যায়। শেষবারের মতো দেবী দুর্গার দর্শন এবং তাঁর চরণ স্পর্শ করে আশীর্বাদ নিতে মণ্ডপে ছুটে আসেন ভক্তরা।

শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, পূজার আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় দেবীকে বিদায় জানানোর পর্ব। বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর ছুঁইয়ে একে অপরের গালে ও কপালে সিঁদুর পরিয়ে দেন। ঢাকের তাল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। আনন্দের এ আয়োজনে মিশে ছিল দেবীকে বিদায় জানানোর বিষাদও। ভক্তদের প্রত্যাশা, আগামী বছরও সবাই একসঙ্গে আনন্দ ও সিঁদুর খেলায় অংশ নিতে পারবেন।

শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে সিঁদুর খেলায় অংশ নেওয়া স্নেহা সরকার বলেন, দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজার দিনগুলো শেষ হয়ে গেল। এবার ছয় দিন ধরে উৎসব হয়েছে। সকালে অঞ্জলি দেওয়া ও সিঁদুর খেলা শেষ হয়েছে। সারা বছর তাঁরা সিঁদুর খেলার অপেক্ষায় থাকেন। বিদায়ের দিনে মন খারাপ হলেও মা আবার আগামী বছর ফিরে আসবেন—এ আশায় তাঁরা অপেক্ষা করবেন।

একই মণ্ডপের আরেক ভক্ত আরতি সরকার বলেন, সিঁদুর খেলা শুধু একটি প্রথা নয়, এটি নারীদের পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করার একটি মাধ্যম। সিঁদুর পরিয়ে তাঁরা একে অপরের মঙ্গল কামনা করেন। পাশাপাশি দেবীর কাছে পরিবারের সবার সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।

এদিকে, দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নওগাঁ শহরের মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীতে বর্ণাঢ্য নৌশোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুরের পর থেকে প্রতিমাগুলো সুসজ্জিত নৌকায় তোলা শুরু হয়। নির্ধারিত সময়ে শোভাযাত্রা শুরু হয় এবং সন্ধ্যায় নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর নওগাঁ জেলার ১১টি উপজেলা ও তিনটি পৌরসভা এলাকায় মোট ৮৩৬টি পূজামণ্ডপে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News