কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটী স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকামুখী পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
ট্রেনের একাধিক যাত্রী জানান, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। নাওটী স্টেশন পার হওয়ার পর ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
ট্রেনের যাত্রী নাহিদা আক্তার বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ তীব্র শব্দ হয়। এরপর যাত্রীরা একে অপরের ওপর পড়ে যান। কয়েকজন পদদলিত হন। তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে তিনি ধোঁয়া বের হতে দেখেন।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছেন তিনি। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। কিছুক্ষণ পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছাবে বলে জানান তিনি।
Leave a Reply