মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তাঁর পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনার দুই দিন পর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, আত্মরক্ষার স্বার্থেই তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ণ রাখতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি পদত্যাগের সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানান, তাঁর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অস্ত্র প্রদর্শনের বিষয়ে ইশরাক হোসেন বলেন, তিনি মনে করেন, কোনো ভুল করেননি। নিজের নিরাপত্তার জন্য কিছু সময় অস্ত্র হাতে নিয়েছিলেন। তিনি বলেন, চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে অভিযান চালাতেই সেখানে গিয়েছিলেন।
তাঁর দাবি, অস্ত্র হাতে থাকার ছবি বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচার করায় মাদক নির্মূলের মূল বিষয়টি আড়ালে পড়ে যায়। তবে তাঁর কোনো ভুল হয়ে থাকলে বা কারও কষ্টের কারণ হলে তিনি দুঃখ প্রকাশ করেন।
Leave a Reply