বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠনের পর প্রথম কয়েক দিন ফজরের নামাজের পর কিছু লোককে রাস্তাঘাট পরিষ্কার করতে দেখা গেলেও এখন আর তা চোখে পড়ে না। দেশের স্বার্থে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ ও উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফজরের নামাজ শেষে নিজের নির্বাচনী এলাকায় একটি মসজিদ থেকে বের হয়ে মিরপুরের সড়ক পরিষ্কারে অংশ নেন। সে সময় সাংবাদিকদের তিনি জানান, দলের নেতাকর্মীরা প্রতিদিন ওই এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন।
প্রধানমন্ত্রী বলেন, ইদানীং বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে গেলে দেশকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া সম্ভব, সে প্রশ্নও তোলেন তিনি। সরকারকে অবশ্যই বিরোধিতা করা যাবে, তবে তা হতে হবে গঠনমূলক। সরকারের বিরোধিতা করতে গিয়ে বিরোধী দল যদি স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি করে দেয়, তাহলে তা মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে।
তিনি আরও বলেন, জুলাই ও একাত্তরের শহীদদের লক্ষ্য ছিল অভিন্ন—দেশের মানুষ যেন সুশিক্ষা পায় এবং পরিবেশ সুন্দর থাকে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো এ দেশের মানুষও ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি যেভাবে একাত্তরের চেতনাকে ধারণ করে, একইভাবে জুলাইয়ের চেতনাকেও ধারণ করে।
জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধী দলের অংশ না নেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্রে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। তবে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে দ্বিমত থাকার কথা নয়।
সংবিধান সংশোধন নিয়ে বিরোধী দলের ভিন্নমত থাকতে পারে উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতেই জনগণ সরকার ও বিরোধী দলকে সংসদে পাঠিয়েছে। জনগণ দেশে শান্তি ও স্থিতিশীলতা চায়। তাই সড়ক অবরোধ ও বিক্ষোভের মাধ্যমে জনজীবন ব্যাহত না করার আহ্বান জানান তিনি।
এ সময় শনিবার হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক ভবনে আকস্মিক পরিদর্শনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ তুলনামূলক ভালো হলেও হাসপাতাল ও সরকারি আবাসিক ভবনগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। সরকারি কর্মকর্তারা পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন না হলে সাধারণ মানুষ কী শিখবে, সে প্রশ্নও তোলেন তিনি।
সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে সঙ্গে নিয়ে এখন থেকেই কাজ শুরু করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Leave a Reply