পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিদ্যালয়ে পাঠদান চলাকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ বছরের নিচে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ছাদ ধসে পড়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে জরুরি সেবাকর্মীরা।
ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রাদেশিক গভর্নর ফয়সাল করিম কুন্দি। তিনি দুর্ঘটনার কারণ নির্ণয় ও সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।
Leave a Reply