
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি সাত কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক সম্পর্কের অবসান ঘটেছে। কলেজগুলোর শিক্ষার্থীদের যাবতীয় তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে এসব তথ্য-উপাত্ত হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান দ্রুততম সময়ে শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম, প্রশাসন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত নিবন্ধক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন ও নিবন্ধক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply