1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ঢাকার প্রতি রুটে চলবে একটি কোম্পানির বাস: প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে দ্রুত বাস রুট র‍্যাশনালাইজেশন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ব্যবস্থায় প্রতিটি রুটে একাধিক কোম্পানির পরিবর্তে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একটি নির্দিষ্ট কোম্পানির বাস চলবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে আয়োজিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পরিকল্পনাটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাস মালিক সমিতি। নতুন ব্যবস্থায় বাসের ফিটনেস, শৃঙ্খলা ও আইন মেনে চলা নিশ্চিত করার পাশাপাশি কাউন্টারভিত্তিক যাত্রীসেবা, ই-টিকিটিং এবং জিপিএস ট্র্যাকিং চালুর পরিকল্পনা রয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ডিটিসিএর সমীক্ষা অনুযায়ী, বর্তমানে সচল ৯৮টি রুট ও ৬৬টি কোম্পানিকে পুনর্গঠন করে ৩২টি ক্লাস্টার রুটে একীভূত করার পরিকল্পনা রয়েছে। বিআরটিএ ও বাস মালিক সমিতির সমন্বয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দুটি রুট চূড়ান্ত করা হবে।

এদিকে, একই দিনে পৃথক বৈঠকে দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম ও খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আগামী দুই মাসের মধ্যে অন্তত এক হাজার খেলার মাঠ প্রস্তুতের পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News