1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আবরারের বাবা মো. বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন, ছোট ভাই আবরার ফাইয়াজসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

আবরার ফাহাদের হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় কার্যকরের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান তার বাবা। জবাবে প্রধানমন্ত্রী জানান, মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আদালত স্বাধীনভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন এবং পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ ছাড়া কুষ্টিয়ার গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানান আবরারের বাবা। প্রধানমন্ত্রী সেতু নির্মাণের বিষয়ে আশ্বাস দেন এবং আবরার ফাহাদের নামে সেতুটির নামকরণের প্রতিশ্রুতি দেন। আবরারের কবর পাকাকরণ ও পাশের মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়েও সহযোগিতা চান তিনি।

আবরারের ছোট ভাই বুয়েট ক্যাম্পাসে প্রধানমন্ত্রীকে যাওয়ার আমন্ত্রণ জানান এবং তার ভাইয়ের নামে একটি হল নির্মাণ ও পাঠ্যবইয়ে আবরার ফাহাদের ঘটনা অন্তর্ভুক্তির দাবি জানান। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে বিভিন্ন সময়ে নিহতদের তালিকা তৈরির দাবির বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সাক্ষাতে আবরারের মা রোকেয়া খাতুন ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন এমন ঘটনা না ঘটে এবং কোনো মায়ের সন্তান যেন এভাবে নিহত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ মামলায় ২০২১ সালে ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০২৫ সালের মার্চে হাইকোর্ট ওই রায় বহাল রাখেন। বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় আসামির আপিলসহ মামলাটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News