রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের দাবি, প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে কেন্দ্রে ঢুকে এসব ঘটনা ঘটান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে আসা ব্যক্তিরা প্রথমে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন। পরে কেন্দ্রের বিভিন্ন কক্ষ ও স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
কর্তৃপক্ষের অভিযোগ, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন, টিকা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, এসিসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলা হয়। পরে সেখানে ওই সমিতির সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি প্রায় ৫০ বছর ধরে মিরপুরের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা, পরিবার পরিকল্পনা ও শিশুদের টিকাদান দিয়ে আসছে। হামলার পর এসব কার্যক্রম ব্যাহত হয়েছে।
ঘটনায় শাহ আলী থানায় মামলা করেছেন ডা. নাসরিন আখতার। পুলিশ জানিয়েছে, মামলায় হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply