জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হয়েছে। সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
বুধবার সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। ফলে প্রথম ১০০ কিলোমিটারে ভাড়া দাঁড়িয়েছে প্রতি কিলোমিটার ৩ টাকা ১৮ পয়সা এবং এরপর ২ টাকা ৭২ পয়সা।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম ও পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে লঞ্চ মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।
এর আগে লঞ্চ মালিকদের সংগঠন প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিল।
Leave a Reply