দক্ষিণ আফ্রিকার ডারবানের কাছে কোয়ামাখুথা টাউনশিপে একটি বাড়িতে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বাড়িটিতে ১৪ জন অবস্থান করছিলেন। এ সময় তিনজন বন্দুকধারী সেখানে ঢুকে গুলি চালায়। ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহত চারজনকে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বিরোধের জেরে হামলাটি হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
পুলিশ আরও জানায়, নিহতদের কয়েকজন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে নিহতদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলেও পুলিশ জানিয়েছে।
Leave a Reply