জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, চীনা বিনিয়োগ, রোহিঙ্গা সংকট, জ্বালানি, অবকাঠামো ও আঞ্চলিক যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে চীনা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশ ‘ওয়ান চায়না পলিসি’ সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। মেগাপ্রকল্পের পাশাপাশি মাঝারি ও ছোট প্রকল্পেও চীনা বিনিয়োগ বাড়ছে। বাংলাদেশকে এ অঞ্চলের উৎপাদনভিত্তিক কেন্দ্রে পরিণত করতে চীন সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান তিনি।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। কায়সার কামাল বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের জীবনমান উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন।
এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহের কথা জানান।
Leave a Reply