হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সিএনএন, এমএস নাও ও পলিটিকো। নিজেদের সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান তিনটি এ আইনি পদক্ষেপের ঘোষণা দেয়।
মামলাটি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় করা হবে। জরুরি আবেদনের ভিত্তিতে চলতি সপ্তাহেই শুনানি হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
যৌথ বিবৃতিতে তিন প্রতিষ্ঠান দাবি করেছে, কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই তাদের সাংবাদিকদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করা হয়েছে। তাদের অভিযোগ, সংবাদ প্রকাশের বিষয়বস্তুতে আপত্তির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।
এর আগে শুক্রবার ট্রাম্প হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেন। শনিবার প্রতিষ্ঠান তিনটির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাদের প্রেস ব্যাজ নিষ্ক্রিয় করা হয়।
ট্রাম্প প্রশাসন অবশ্য এই নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্যে সমস্যা রয়েছে এবং তিনি এটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
Leave a Reply