1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

এআই ফোর্স গঠনের ঘোষণা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘এআই জার’

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেই নতুন ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এআইবিষয়ক একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানিয়েছেন তিনি। তবে এ উদ্যোগের কাঠামো, দায়িত্ব বা বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানাননি ট্রাম্প।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার প্রশাসন এআই শিল্পের বিকাশে কোনোভাবেই বাধা সৃষ্টি বা এর গতি কমাবে না। এআইয়ের সম্ভাব্য ক্ষতিকর দিক মোকাবিলায় বিদ্যমান ফৌজদারি ও দেওয়ানি আইন ব্যবহারের কথাও জানান তিনি।

ট্রাম্প এআইকে পরবর্তী শিল্পবিপ্লব বা ইন্টারনেট বিপ্লবের সঙ্গে তুলনা করে বলেন, এর প্রভাব আরও ব্যাপক হতে পারে। এ প্রযুক্তি যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৫ শতাংশ পর্যন্ত প্রতিনিধিত্ব করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখার ওপরও গুরুত্ব দেন ট্রাম্প।

এদিকে এআইয়ের দ্রুত বিকাশের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যে সতর্কতা বাড়ছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই উন্নয়নের গতি কমানো ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে প্রযুক্তির সক্ষমতার সামঞ্জস্য রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

অন্যদিকে, এআই নিয়ে বাড়তে থাকা উদ্বেগকে ট্রাম্প ‘ভিত্তিহীন প্রচারণা’ হিসেবে অভিহিত করেছেন। একই সময়ে মার্কিন আইনপ্রণেতাদের একাংশ প্রযুক্তিটির ব্যবহার ও নিরাপত্তা নিয়ে আরও সুরক্ষা ব্যবস্থা ও নিয়ন্ত্রণের পক্ষে মত দিচ্ছেন।

নতুন ‘এআই ফোর্স’ কী ধরনের সংস্থা হবে—সেটিও এখনো স্পষ্ট নয়। ট্রাম্প এটিকে তার প্রথম মেয়াদে গঠিত স্পেস ফোর্সের সঙ্গে তুলনা করেছেন। হোয়াইট হাউসও এখন পর্যন্ত এ উদ্যোগের বিস্তারিত কাঠামো বা দায়িত্ব সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News