বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফ্লাইট চলাকালে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে, বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একে অপরকে কিল-ঘুষি ও চড় মারছেন। একপর্যায়ে মারামারির সময় একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিমানের কেবিন ক্রু ও অন্য যাত্রীরা এগিয়ে এসে দুজনকে আলাদা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং ঘটনাটি খোঁজ নিয়ে দেখছেন।
Leave a Reply