ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের ফেরত না দেওয়ার অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ‘চক্রান্তের জাল’ বোনার অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার ফেরত চাওয়া হলেও ভারত তা আমলে নিচ্ছে না। তাঁর দাবি, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের ভেতরে ভেতরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, এর পরদিনই আদানি পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিটে ত্রুটির কথা জানিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। তাঁর দাবি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলেই তিনি অংশ নেননি।
তিনি বলেন, আদানির বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ নিয়ন্ত্রণ ব্যবস্থা ভারতের ঝাড়খণ্ডে থাকায় তারা যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে পারে। ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘটনার সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।
বিগত সরকারের সময়ে গুম, গুপ্তহত্যা, অর্থপাচার ও ব্যাংক লুটের অভিযোগ তুলে রিজভী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকার গঠিত হয়েছে।
বর্তমান সরকারের সময়ে বিরোধী মত প্রকাশের সুযোগ রয়েছে দাবি করে তিনি বলেন, বিরোধী দলের নেতারা সরকারের সমালোচনা করলেও তাদের গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হচ্ছে না।
দেশের গ্যাস ও জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করে রিজভী বলেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও হরমুজ প্রণালির অচলাবস্থার কারণে এ সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমার থেকে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এ ছাড়া রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার দাবিও করেন বিএনপির এই নেতা।
মধুর ক্যান্টিন নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও এর সঙ্গে জড়িত স্মৃতিকে পরিবর্তনের কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি কর্নেল (অব.) জয়নুল আবেদীন, আনিসুজ্জামান খোকন, মেজর (অব.) মিজানসহ সংগঠন দুটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply