পবিত্র মক্কা নগরীতে হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং হারামাইন শরিফাইনের নিরাপত্তা রক্ষায় পাকিস্তান সৌদির পাশে থাকবে বলে পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ প্রতিক্রিয়া জানান শাহবাজ শরিফ। খবর ডনের।
বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, অঞ্চলটি ইতোমধ্যে বিভিন্ন রক্তক্ষয়ী সংঘাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সহিংসতা কোনো সমাধান নয়; শান্তি প্রতিষ্ঠায় আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টাই টেকসই পথ। আঞ্চলিক উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান তিনি।
শাহবাজ শরিফ বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং হারামাইন শরিফাইনের নিরাপত্তা ও পবিত্রতা বজায় রাখতে পাকিস্তান অবিচলভাবে সৌদির পাশে রয়েছে।
এর আগে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, মক্কার দক্ষিণে হুথিদের একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। ড্রোনটি মক্কার নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয় বলে জানানো হয়।
তবে হুথিরা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
Leave a Reply