গাজা সিটিতে যুদ্ধবিধ্বস্ত একটি সাততলা আবাসিক ভবন ধসে অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন এবং প্রায় ১০০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে ভবনটি ধসে পড়ে। এতে সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। উদ্ধারকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে কাজ করছেন।
উদ্ধারকাজে শিশুদের জীবিত অবস্থায় বের করে আনার দৃশ্যও দেখা গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য মানুষের চিৎকার শোনা যাচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
গাজা সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় ভারী সরঞ্জাম ও উদ্ধারযন্ত্রের ঘাটতির কারণে অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অনেক জায়গায় উদ্ধারকর্মীদের হাত দিয়েই ধ্বংসস্তূপ সরাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ভবনটি এর আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এতে ফাটল দেখা দিয়েছিল। যুদ্ধের কারণে নিরাপদ আশ্রয়ের সংকটে বাস্তুচ্যুত পরিবারগুলো ভবনটিতে অবস্থান করছিল।
গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply