
আন্দোলনকারীদের ওপর হামলার জন্য ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে ‘মারো’ বলে উসকানি দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের—এমন দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, কাদেরের উসকানিমূলক বক্তব্য ও বিভিন্ন সিদ্ধান্তের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একত্র হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তার দাবি, এর ফলে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।
তিনি বলেন, ১১ জুলাই সাদ্দামের সঙ্গে কথোপকথনের সময় কাদের তাকে আন্দোলনকারীদের মারধরের জন্য উসকানি দেন। এরপর ১৬ জুলাই ওয়াসিম, আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা এবং প্রায় ২৫ হাজার মানুষকে আহত করার দাবি করেন তিনি।
আমিনুল ইসলাম আরও বলেন, আন্দোলন দমনে ছাত্রলীগই যথেষ্ট—এমন বক্তব্যও দিয়েছিলেন কাদের। পাশাপাশি ‘শুট অ্যাট সাইট’ বা দেখামাত্র গুলির নির্দেশের কথাও তিনি বলেছিলেন বলে দাবি করেন চিফ প্রসিকিউটর।
চিফ প্রসিকিউটর জানান, আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটি, সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি এবং ব্যক্তিগত দায়ের অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই ১৪ দলীয় বৈঠকে আসামিরা উপস্থিত ছিলেন এবং ওই বৈঠকের পর কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয় বলেও তিনি জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
Leave a Reply