নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। মৌখিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কলেজ গেটে উপস্থিত হতে হবে।
এসএসসির জিপিএ, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে ভর্তির জন্য শিক্ষার্থী মনোনীত করা হবে। চূড়ান্ত তালিকা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করার কথা রয়েছে।
মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র, ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি এবং সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে) সঙ্গে আনতে হবে। এছাড়া মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ।
এর আগে ১০ সেপ্টেম্বর মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং ১১ সেপ্টেম্বর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Leave a Reply