সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতিতে অর্থ লেনদেন, টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে কমিশন গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুদক সূত্র জানায়, নতুন অভিযোগগুলো নিয়ে অনুসন্ধানের অনুমোদন দিয়েছে কমিশন। অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা এবং ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ থেকে ১০ কোটি টাকা করে লেনদেনের দাবি করা হয়েছে।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন সিটি করপোরেশনের টেন্ডার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। গ্রামীণ অবকাঠামো ও সেতু নির্মাণ প্রকল্প, ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পের ব্যয় বাড়িয়ে অনিয়মের অভিযোগও করা হয়েছে।
অভিযোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অর্থ লেনদেনের পাশাপাশি ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশনে কর্মকর্তাদের নিয়োগে অর্থ নেওয়ার কথাও বলা হয়েছে। এসব অভিযোগের আর্থিক অঙ্ক নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন হিসাব এসেছে।
বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে অর্থ স্থানান্তর এবং সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের দাবি করা হয়েছে। অভিযোগে মোট প্রায় ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের কথা বলা হয়েছে।
এ ছাড়া হেলিকপ্টারে ভ্রমণ করে রাষ্ট্রীয় অর্থের অপচয়, বিলাসবহুল জীবনযাপন এবং নিজ উপজেলা মুরাদনগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বড় অঙ্কের বরাদ্দে অনিয়মের অভিযোগও রয়েছে।
দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। নতুন অভিযোগগুলোও চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে পরবর্তী আইনানুগ কার্যক্রম নেওয়া হবে।
Leave a Reply