ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা নারীদেরও বিভিন্নভাবে নিপীড়নের শিকার হতে হয়েছে। এসব নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিবাদ করেছে।
নারীদের ওপর হামলাকারীদের কাপুরুষ আখ্যা দিয়ে রিজভী বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা একটি ঘৃণ্য অপরাধ।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি আন্তর্জাতিক বিষয়। এককভাবে কোনো দেশের পক্ষে এ সংকট সমাধান করা সম্ভব নয়। গ্যাসের সংকটও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।
এ ছাড়া বৈদেশিক কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
Leave a Reply