হোয়াইট হাউসের সাউথ লনে নতুন ও অত্যাধুনিক একটি স্থায়ী হেলিপ্যাডের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। সাবেক প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ারের একটি ঐতিহাসিক ছবি শেয়ার করে ট্রাম্প বলেন, আধুনিক যুক্তরাষ্ট্রের প্রয়োজনেই নতুন এই হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে।
নতুন ‘ভিএইচ-৯২এ মেরিন ওয়ান’ হেলিকপ্টার আগের মডেলের তুলনায় বড় হওয়ায় ল্যান্ডিংয়ের সময় সাউথ লনের ঘাস ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। এ সমস্যা সমাধানে ১০০ ফুট চওড়া ব্ল্যাক গ্রানাইটের স্থায়ী হেলিপ্যাডটি নির্মাণ করা হয়েছে। এর কেন্দ্রে খোদাই করা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের সিলমোহর।
প্রকল্পটির ব্যয় বহন করেছে মেরিন ওয়ান প্রস্তুতকারী সিকরস্কির মূল প্রতিষ্ঠান লকহিড মার্টিন। নির্মাণকাজের জন্য প্রতিষ্ঠানটি ন্যাশনাল পার্ক সার্ভিসকে ৫০ লাখ ডলার অনুদান দেয়।
ট্রাম্প নিজেও হেলিপ্যাডের নকশা ও নির্মাণকাজ তদারকি করেন। তিনি জানান, এটি শুধু হেলিকপ্টার অবতরণের জন্য নয়, রাষ্ট্রীয় অভ্যর্থনা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনেও ব্যবহার করা যাবে।
নির্মাণকাজ চলাকালে মেরিন ওয়ান হেলিকপ্টারটি হোয়াইট হাউসের দক্ষিণে অবস্থিত ‘ইলিপ্স’ এলাকাকে অস্থায়ী ল্যান্ডিং জোন হিসেবে ব্যবহার করছিল।
Leave a Reply