1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে পুলিশকে: রাষ্ট্রপতি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

দুষ্টের দমনে পুলিশকে কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাইবার অপরাধ, অপতথ্য ও গুজব, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করার কথাও বলেন তিনি।

এ সময় বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশ দেন রাষ্ট্রপতি। মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও সদস্যদের মনোবল দৃঢ় রাখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News