
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিষধর সাপ’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার অভিযোগ, নেতানিয়াহু কৌশলে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আরাঘচি।
তিনি দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের জনমত ও নীতিনির্ধারকদের প্রভাবিত করে ওয়াশিংটনকে ইসরায়েলের স্বার্থে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছেন। নেতানিয়াহু নিজেই মার্কিন সংবাদমাধ্যমে দীর্ঘ সময় প্রচারের মাধ্যমে প্রভাব বিস্তারের কথা বলেছেন বলেও দাবি করেন তিনি।
আরাঘচির অভিযোগ, ইসরায়েলের স্বার্থে যুদ্ধ শুরু করতে নেতানিয়াহু মার্কিন প্রশাসনকে কৌশলে রাজি করিয়েছেন। একই সময়ে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন বলেও উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত তীব্র হয়েছে। হরমুজ প্রণালির লারাক দ্বীপে ইরানের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে মাইন পেতে জাহাজ চলাচলে হুমকি তৈরির প্রস্তুতি নিচ্ছিল ইরান।
এর জবাবে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ঘাঁটিতে হামলার দাবিও করেছে তেহরান, যদিও আবুধাবি এর কিছু অংশ অস্বীকার করেছে।
এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও; আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।
Leave a Reply