আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মন্তব্য করেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা অনেকটা নিষিদ্ধের মতো। তার দাবি, এ বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ও আলেম-ওলামাদের ওপর চাপিয়েছেন এবং এতে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কনসার্ট বন্ধ হওয়ার ঘটনাটি গণমাধ্যমে যেভাবে উপস্থাপন করা হয়েছে, বাস্তবতা ছিল ভিন্ন। গভীর রাতে উচ্চ শব্দে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় শিক্ষার্থীরা শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হলে পরবর্তী ঘটনা ঘটে এবং পুলিশের লাঠিপেটায় কয়েকজন শিক্ষার্থী আহত হন।
তার ভাষ্য, মাদ্রাসার শিক্ষার্থীরা কনসার্ট বন্ধ করেনি; তারা শুধু শব্দ কমাতে বলেছিল। তাই ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ—এমন বার্তা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
নৌকাবাইচের প্রসঙ্গে নিজের তথ্যগত ভুল স্বীকার করে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি সিলেটের পরিবর্তে ভুল করে ব্রাহ্মণবাড়িয়ার নাম উল্লেখ করেছিলেন। এ কারণে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মূল ঘটনা এবং গণমাধ্যমে বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা সংসদে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা উচিত ছিল। তবে সম্পূরক প্রশ্নের সময় সীমিত থাকায় তা সম্ভব হয়নি।
হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি ও তার দল জুলাইয়ের আদর্শকে ধারণ করেন এবং সেই আদর্শের ভিত্তিতেই নীতি ও সিদ্ধান্ত নিতে চান। তার মতে, জুলাই একটি সর্বজনীন সমাজের স্বপ্ন দেখায়, যেখানে সবার অধিকার নিশ্চিত থাকবে এবং কেউ অন্যের ওপর নিজের মত বা দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে পারবে না।
তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্যায়ভাবে কারও ওপর নিজেদের মত চাপিয়ে দিলে তা প্রতিহত করা এবং সবার সমান অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এবং সরকারের ব্যর্থতা প্রকাশ পায়।
তিনি আরও বলেন, বাংলাদেশ সবার—সব ধর্ম ও মতের মানুষের। যার যে বিষয় পছন্দ, সে তাতে অংশ নেবে; আর যা পছন্দ নয়, তাতে অংশ নেবে না। তবে কেউ যেন অন্যের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, তা সরকারকে নিশ্চিত করতে হবে।
Leave a Reply