নতুন-পুরোনো মিলিয়ে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে নিয়ে প্রায় এক দশক ধরে সংকটে রয়েছে বাংলাদেশ। মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা এসব মানুষ নিজ দেশে ফিরতে চাইলেও প্রত্যাবাসনের বাস্তব সম্ভাবনা এখনো তৈরি হয়নি। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ও শরণার্থী বিষয়ক সাংবাদিক সামি হামদির মতে, রোহিঙ্গাদের নিয়ে নানা ধরনের কৌশল করছে মিয়ানমারের জান্তা সরকার।
সামি হামদি বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক—এটি মিয়ানমার কোনোভাবেই চায় না। বরং প্রত্যাবাসন ঠেকাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মহলে তৎপরতা চালাচ্ছে দেশটির জান্তা।
তার মতে, রোহিঙ্গাদের ওপর হত্যা ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধ চালানো হয়েছে। পাশাপাশি রাখাইনের অস্থিরতার অজুহাতে বছরের পর বছর পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। এ অবস্থায় সংকট সমাধানে আন্তর্জাতিক রাজনৈতিক উদ্যোগ জরুরি।
সামি হামদি বলেন, রাখাইনে শান্তি ফেরাতে প্রয়োজনে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন মোতায়েনের উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় দেশের ভেতরে রাজনৈতিক ঐকমত্যের পাশাপাশি একটি সুস্পষ্ট কর্মকৌশল বা রোডম্যাপ তৈরির ওপরও গুরুত্ব দেন এই বিশ্লেষক। তার মতে, নির্দিষ্ট পরিকল্পনা না থাকলে আন্তর্জাতিক সহায়তা পাওয়াও কঠিন হবে। এ ক্ষেত্রে তুরস্ক যেভাবে সিরীয় শরণার্থীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করেছে, সেই অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে।
তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের পাঠানোর উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশকে এর জন্য মূল্য দিতে হতে পারে বলেও সতর্ক করেন সামি হামদি।
তিনি বলেন, মিয়ানমার সীমান্ত পুরোপুরি বন্ধ না করলে ভবিষ্যতে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে পারে। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের অন্য দেশে সরিয়ে নেওয়া হলে সেটিকে মিয়ানমারের এক ধরনের বিজয় হিসেবে দেখা হতে পারে। একই সঙ্গে এর ফলে অন্য দেশ থেকেও বাংলাদেশে শরণার্থী আসার ঝুঁকি তৈরি হতে পারে।
সামি হামদির মতে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে যে অস্থিরতা তৈরি হবে, তার প্রভাব শুধু বাংলাদেশের ওপর নয়; ওয়াশিংটন, বেইজিং ও দিল্লিসহ সংশ্লিষ্ট সব পক্ষকেই বহন করতে হবে।
Leave a Reply